জামালপুরের ইসলামপুর উপজেলায় নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর নুরজাহান বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের বটচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, নুরজাহান বেগম (৭০) প্রায় ১০ বছর আগে তার স্বামীকে হারান এবং এরপর থেকে তিনি তার ভাইয়ের বাড়িতে বসবাস করছিলেন। মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি মাইকিংও করেন।
সন্ধ্যার পর পাশের বাড়ির আব্দুল সালামের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে তার পরনের কাপড় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে সেখানে খোঁজ নিয়ে নুরজাহান বেগমের মরদেহ শনাক্ত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা সন্ধ্যার দিকে ওই সেপটিক ট্যাংকে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।