উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, যেকোনো প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের কাজ সুষ্ঠু ও সততার সঙ্গে হচ্ছে কি না, তা পরিদর্শনের জন্য গৃহায়ণ কর্তৃপক্ষের প্রতিনিধিদল থাকবে। তিনি বলেন, ঠিকাদারি ও নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি না হওয়ার বিষয়ে গৃহায়ণ কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক থাকতে হবে।
বৈঠক সূত্রে জানা যায়, সরকার দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যার ব্যয় ধরা হয়েছে দুই হাজার কোটি টাকা। প্রতিমন্ত্রী বলেন, এসব ফ্ল্যাট নির্মাণের কাজ দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে করতে হবে।
তিনি আরও বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করে নতুনভাবে সাজাতে কম মুনাফায় সর্বোচ্চ মান ঠিক রেখে প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে হস্তান্তর করতে হবে। মতবিনিময় সভায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।