নরসিংদী-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল পেলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। নরসিংদীবাসীর স্বপ্ন—মেডিকেল কলেজ হাসপাতাল কি এবার বাস্তবে রূপ নেবে?
আর এ লায়ন সরকার, নরসিংদী।
নরসিংদী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে নরসিংদীবাসীর অন্যতম দাবি ছিল একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা—নতুন দায়িত্ব পাওয়ার পর সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা নতুন করে জোরালো হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের মতে, স্বাস্থ্যখাতের উন্নয়ন এখন সময়ের দাবি। নরসিংদীতে বিশেষায়িত চিকিৎসা সেবার অভাবে রোগীদের রাজধানী ঢাকায় ছুটতে হয়। এতে সময়, অর্থ ও ভোগান্তি—সবই বেড়ে যায়। একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপিত হলে শুধু নরসিংদী নয়, পার্শ্ববর্তী জেলাগুলোর মানুষও উপকৃত হবেন।
জেলা শহর ও বিভিন্ন উপজেলার বাসিন্দারা জানান, “আমাদের দীর্ঘদিনের স্বপ্ন একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। মাননীয় মন্ত্রী নিজ জেলা থেকে নির্বাচিত হওয়ায় আমরা আশাবাদী—এবার হয়তো বাস্তবায়ন হবে।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সরদার সাখাওয়াত হোসেন বকুল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এখন দেখার বিষয়, প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে কত দ্রুত নরসিংদীতে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের কার্যক্রম শুরু হয়।
নরসিংদীবাসীর প্রত্যাশা—এই দায়িত্ব শুধু রাজনৈতিক সাফল্য নয়, বরং জেলার স্বাস্থ্যখাতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা বয়ে আনবে।