নরসিংদীর শীলমান্দী ছাত্রীকে উত্ত্যক্ত, বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ।
নরসিংদী প্রতিনিধি।
নরসিংদীর শীলমান্দি গ্রামের ১নং ওয়ার্ডে বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করা এবং তার পরিবারের বাড়িতে হামলা চালিয়ে তিন লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাতটার দিকে।
অভিযোগে জানা যায়, ইউনুস (পিতা আরজু ড্রাইভার) ও ইয়ামিন (পিতা গোলজার) নামের দুই যুবক দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানালে তারা ক্ষিপ্ত হয়ে কয়েকজন সহযোগী নিয়ে ছাত্রীটির বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রায় তিন লাখ টাকার নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় ছাত্রীটির ভাই রাব্বি বাধা দিলে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা যায়।