চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় রাষ্ট্রীয় মালিকানাধীন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) বিদ্যুৎকেন্দ্র থেকে নিয়ম ভেঙে বিদ্যুৎ সরবরাহের অভিযোগ উঠেছে। স্থানীয় বাজারের দোকানপাট ও আবাসিক ভবনে এই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে, যা বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশনের (বিসিআইসি) অনুমতি ছাড়াই হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, রাঙ্গাদিয়া বাজারের শতাধিক দোকান ও বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে সিইউএফএলের বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এসব সংযোগ থেকে প্রতি মাসে দুই লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল আদায় হয়। কিছু ক্ষেত্রে বিল বকেয়া রেখেও বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, সিইউএফএল থেকে তিনটি মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে এবং সেগুলো ব্যবহার করে বাজারের বিভিন্ন দোকান ও বসতঘরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিইউএফএলের কারখানার নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট রয়েছে, যেখানে দুটি স্টিম টারবাইন জেনারেটর (এসটিজি) ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। উত্পাদন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী জানান, প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২ মেগাওয়াট, তবে বর্তমানে ৮-১০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়।
ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ ক্রয়-বিক্রয়ের নীতিমালা-২০০৭ অনুযায়ী, নিজস্ব ব্যবহারের জন্য স্থাপিত বিদ্যুৎকেন্দ্রের অতিরিক্ত বিদ্যুৎ বাইরে সরবরাহ করতে হলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) লাইসেন্স ও অনুমোদন প্রয়োজন।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার অনেক আগে থেকেই এই ব্যবস্থা চলে আসছে এবং বিষয়টি তদন্তসাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।