নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক চীনা পোশাক ব্যবসায়ীর এক কোটি টাকার ব্যাগ নিয়ে গাড়িচালক পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চালকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের জিএম আকরামুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় গাড়িচালক জাহিদ হাসান (৩০) কে আসামি করা হয়েছে। জাহিদ ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩ এপ্রিল থেকে জাহিদ ল্যাভেন্ডার ফ্যাশনের চেয়ারম্যান চীনা নাগরিক ইউ শ্যালীর গাড়ির চালক হিসেবে কাজ করছিলেন। গত মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কারখানায় কাজ শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
সন্ধ্যা ৭টায় রূপগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাব হোটেলে গাড়ি থামিয়ে খাবার খেতে নামেন ইউ শ্যালী। এ সময় জাহিদ গাড়ির ভেতরে থাকা টাকার ব্যাগ ও গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে গাড়িটি গুলশানের একটি কফিশপের পার্কিংয়ে পাওয়া যায়। ঘটনার পর থেকে চালকের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
মামলার বাদী আকরামুল ইসলাম জানান, জাহিদ তার চেয়ারম্যানের মোবাইলে একটি মেসেজ পাঠিয়েছেন, যেখানে তিনি দুঃখ প্রকাশ করেন এবং টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ–সার্কেল) মেহেদী ইসলাম বলেন, টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত চালককে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।