ডিসমিসল্যাবের অনুসন্ধানে জানা গেছে, মাত্র এক হাজার টাকা পাঠালেই পাওয়া যাচ্ছে ব্যক্তিগত গোপন তথ্য, যেমন কল লিস্ট, লোকেশন ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য। এই তথ্যগুলো বিক্রির জন্য ইন্টারনেটে একটি বিশাল বাজার গড়ে উঠেছে।
অনুসন্ধানে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট ও টেলিগ্রাম চ্যানেলে এসব তথ্য প্রকাশ্যে বিক্রি হচ্ছে। ডিসমিসল্যাব ১০টি সক্রিয় ওয়েবসাইট এবং ফেসবুকে ৬০০টির বেশি বিজ্ঞাপনের সন্ধান পেয়েছে, যেখানে ব্যক্তিগত তথ্য বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিক্রির জন্য বিভিন্ন ধরনের তথ্য রয়েছে, যেমন এনআইডি, ফোন কল রেকর্ড, লোকেশন, পাসপোর্ট তথ্য, এসএমএস তালিকা, টিআইএন সার্টিফিকেট, জন্ম-মৃত্যু সনদ এবং পুলিশ ক্লিয়ারেন্স সনদ। এসব তথ্যের দামও নির্ধারিত রয়েছে।
ডিসমিসল্যাব জানায়, বিক্রেতারা ক্রেতাদের কাছে একটি মোবাইল নম্বর বা এনআইডি নম্বর দিলেই সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য সংগ্রহ করে দেন। কিছু ক্ষেত্রে, তথ্য সরকারি প্রতিষ্ঠানের সার্ভার থেকে পাওয়া নথি বা সরকারি কাগজের মতো করে দেওয়া হয়।
এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানতে ডিসমিসল্যাব নির্বাচন কমিশন, জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগ ও এনটিএমসির সঙ্গে যোগাযোগ করেছে, তবে তাদের পক্ষ থেকে সঠিক কোনো উত্তর পাওয়া যায়নি।