মশার উৎপাত বন্ধে নতুন প্রযুক্তির ব্যবহার শুরু করেছে চীন। ফটোন মেট্রিক্স লেজার কামান দিয়ে মশার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে তারা।
এই ডিভাইসটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো দেখতে এবং স্বয়ংক্রিয়ভাবে মশা শনাক্ত করে। এটি গতিপথ হিসাব করে এবং লেজার রশ্মি ছুঁড়ে সেকেন্ডের মধ্যে মশা নিঃশেষ করে দেয়। আন্তর্জাতিক বাজারে এর আগাম বুকিং শুরু হয়েছে। সাধারণ সংস্করণের দাম ১ হাজার ৮৮ ডলার এবং ঘরের বাইরে ব্যবহারের জন্য ঘূর্ণায়মান বেজসহ সংস্করণের দাম ১ হাজার ১১৮ ডলার।
ফটোন মেট্রিক্স ডিভাইসটি লিডার প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যা স্বচালিত গাড়িতে ব্যবহৃত হয়। এটি ২০ ফুট (৬ মিটার) দূর থেকে মশা শনাক্ত করতে সক্ষম। মশা চিহ্নিত হলে, একটি বিশেষ তড়িৎ-চৌম্বকীয় আয়না দ্রুত লেজার রশ্মিকে মশার দিকে নির্দেশ করে।
নির্মাতাদের দাবি, প্রতি সেকেন্ডে ৩.৩ ফুট গতিতে উড়তে থাকা ২ থেকে ২০ মিলিমিটার আকারের যে কোনো পোকা এটি ধ্বংস করতে পারে। তবে, অন্য কোনো উপকারী পোকা ভুল করে আক্রান্ত হবে কি না, সে বিষয়ে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত বৈশিষ্ট্যের সঙ্গে মিললেই কেবল লেজার ফায়ার হবে।
ফটোন মেট্রিক্স দৃশ্যমান নীল লেজার এবং অদৃশ্য ইনফ্রারেড লেজার দুই সংস্করণেই পাওয়া যাচ্ছে। তবে অদৃশ্য লেজারের ক্ষেত্রে চোখের সরাসরি সংস্পর্শে এলে রেটিনার অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে। ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এই পণ্যের নিরাপত্তা সনদ ও স্বাধীন পরীক্ষার প্রক্রিয়া চলবে।