আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দিবসটি ঘিরে নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, টহল কার্যক্রম ও সাইবার নজরদারি বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে আলাদা পরিকল্পনা তৈরি করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের র্যাব সদস্যরাও নজরদারিতে থাকবেন।
সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে।