কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-২। গত ২৭ সেপ্টেম্বর দুপুরে জেলার কোতয়ালী মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার কোতয়ালী মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে মো. ছামির ইসলাম (২০) এবং গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. মনজুরুল ইসলাম (৩০)।
এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন, ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এসআরবি-১১ আরও জানায়, অস্ত্রধারী অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, গত ১৬ সেপ্টেম্বর থেকে বিভিন্ন অভিযানে এসআরবি-১১ হত্যা মামলায় ছয়জন, ধর্ষণ মামলায় চারজন, অস্ত্রসংক্রান্ত মামলায় সাতজনসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার এবং অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের তথ্য জানিয়েছে। পাশাপাশি অপহরণকারী গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।