ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উয়েফা ও কনকাকাফের দাবির প্রেক্ষিতে ফিফার ৬ বিলিয়ন ডলারের তহবিল থেকে সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ বরাদ্দ দিতে রাজি হয়েছেন। দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ফিফার ছয়টি কনফেডারেশনের সভাপতি বরাবর পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো এই ইঙ্গিত দেন। তবে সদস্য প্রতি ১ কোটি (১০ মিলিয়ন) ডলার দেওয়ার প্রস্তাবের বিষয়ে সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি তিনি।
চলতি মাসের শুরুতে উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন এবং কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টালিয়ানি যৌথভাবে ইনফান্তিনোকে একটি চিঠি পাঠান, যেখানে ২০২৭-২০৩০ বাণিজ্যিক চক্রে ফিফার ২১১০টি সদস্য দেশের প্রতিটিকে অন্তত ১ কোটি ডলার করে অতিরিক্ত অর্থ দেওয়ার দাবি জানানো হয়।
ইনফান্তিনো জানিয়েছেন, আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের পরবর্তী বৈঠকে এই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করা হবে। তিনি সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোমকে সব প্রস্তাব একত্র করে একটি সমন্বিত মূল্যায়ন তৈরি করতে নির্দেশ দিয়েছেন।
চিঠিতে ইনফান্তিনো তার বিতর্কিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রকল্পের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি দাবি করেন, এই প্রকল্পের লক্ষ্য ছিল ফুটবলে ফিফার বিনিয়োগ বাড়ানো।