কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপকর্ম সরকারের উদ্যোগ ও মানুষের আস্থাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।
রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলার ঘটনা ঘটে। হামলার পর সালমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন। সাদিয়া আয়মান এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে দেওয়া এক পোস্টে সাদিয়া লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিতে যা ঘটেছে, তা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক এবং মেনে নেওয়ার মতো নয়!’ তিনি বলেন, ‘এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি।’
তিনি আরও বলেন, ‘দেশকে নিরাপদ ও স্থিতিশীল অবস্থানে নিতে সরকারের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তবে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপকর্ম যেন এসব উদ্যোগ ও জনগণের আস্থাকে প্রশ্নবিদ্ধ না করে, সেটি নিশ্চিত করাও জরুরি।’
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সালমানের অভিযোগ, চাঁদা দাবির বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের মূল নিশানা সালমানের স্টুডিও ছিল না; জায়গা নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। পুলিশ চাঁদাবাজির ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে।