যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা রাখতে পারছে না ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আল জাজিরাকে জানিয়েছেন, হামলা ও নিষেধাজ্ঞার কারণে এই অনাস্থার আবহ তৈরি হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ‘মার্কিনিদের ওপর আমাদের কোনও আস্থা নেই। তাদের সঙ্গে ঠিক কীসের ভিত্তিতে সমঝোতায় পৌঁছানো সম্ভব, তা-ও আমাদের জানা নেই।’
চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করেন পেজেশকিয়ান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে তারা একটি চুক্তির প্রস্তাব দেন, যার মাধ্যমে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসান ঘটবে এবং সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেয়া হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের আরাগচি জানান, প্রাথমিক পদক্ষেপগুলো নিতে চার থেকে পাঁচ দিন সময় লাগবে। ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হবে এবং সপ্তম দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হবে।
পেজেশকিয়ান জানান, মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তান ওয়াশিংটনের কাছে ইরানের বার্তা পৌঁছে দিচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।