জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, বিএনপি ক্ষমতায় এসে সব জায়গায় নজিরবিহীন দলীয়করণ করেছে। তিনি অভিযোগ করেন, এখন প্রাথমিক শিক্ষক নিয়োগেও দলীয়করণ করতে চাইছে। তার মতে, জুলাইয়ের অভ্যুত্থান থেকে বিএনপি শিক্ষা নেয়নি এবং যুবকদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলছে।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বাংলা মোটরে সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয় ক্যাডারদের নিয়োগ নিশ্চিত করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। এ সময় যুবশক্তির নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
সমাবেশে অ্যাডভোকেট তারিকুল আওয়ামী লীগ থেকে বিএনপিকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বিএনপি জাতীয় সংসদে নির্বাচনে আড়াইশোর বেশি আসন পাওয়ার পরেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না।
তিনি মিরপুর রাড্ডা ক্লিনিক ভাঙচুর ও লুটপাটের ঘটনা উল্লেখ করে বলেন, বিএনপি ক্ষমতায় এসেছে লুটপাট করার জন্য, সংস্কার করার জন্য নয়। প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিল করাটা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার দলিল হিসেবে অভিহিত করেন এই তরুণ নেতা।