আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি গাড়ি চালানোর জন্য ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছিলেন এবং একাধিক ট্রাফিক নিয়ম ভাঙছিলেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর তথ্য অনুযায়ী, বুয়েনস আয়ার্সের পরিবহন মন্ত্রণালয় এই শাস্তি দিয়েছে। প্রাদেশিক আইন ১৩৯২৭ অনুযায়ী, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, ইকার্দির প্রেমিকা ইউজেনিয়া ‘লা চিনা’ সুয়ারেজ চলন্ত গাড়িতে সিটবেল্ট না বেঁধে শরীরের অর্ধেক অংশ জানালা দিয়ে বের করে রেখেছিলেন। এ সময় ইকার্দি গাড়ি চালাচ্ছিলেন এবং তার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদও ফুরিয়ে গেছে।
বুয়েনস আয়ার্সের কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অপরাধের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। লাইসেন্স ফিরে পেতে ইকার্দিকে নতুন করে পরীক্ষা দিতে হবে।
এদিকে, মাঠের ফুটবলেও ইকার্দির ভবিষ্যৎ অনিশ্চিত। কাতার, মেক্সিকো ও আর্জেন্টিনার বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে তার নাম জড়ালেও, এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছাতে পারেননি তিনি।