ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
মেঘমল্লার বসু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে নিজের হতাশা, জীবন নিয়ে উদ্বেগ ও ব্যক্তিগত অপরাধবোধের কথা উল্লেখ করেন। পোস্টে তিনি স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বার্তা দেন এবং তার সিদ্ধান্তের জন্য কাউকে দায়ী না করার অনুরোধ করেন।
পোস্টটি প্রকাশের পর তার বন্ধু ও সহপাঠীরা উদ্বেগ প্রকাশ করে তার খোঁজ শুরু করেন। ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ জানান, মেঘমল্লারের পোস্ট দেখে তার খোঁজে বের হন বন্ধুরা। পরে আব্দুল কাদের তাকে সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
প্রাথমিক চিকিৎসার জন্য মেঘমল্লারকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে জটিলতা দেখা দেওয়ায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর বেডে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
উল্লেখ্য, এর আগে গত ২০ ফেব্রুয়ারি মেঘমল্লার বসু একাধিক ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেদিন তাকে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।