বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। মার্কিন কর্মসংস্থান প্রতিবেদনের পর বাজারে দামের পতন ঘটে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪১৯ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়। কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর একপর্যায়ে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমে দিনের সর্বনিম্ন ৪ হাজার ৩৬৪ দশমিক ৯৯ ডলারে নেমে যায়।
যুক্তরাষ্ট্রের ডিসেম্বর ডেলিভারির গোল্ড ফিউচার ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬ দশমিক ৬০ ডলারে লেনদেন শেষ করেছে। বাজারে ধারণা তৈরি হয়েছে, শক্তিশালী কর্মসংস্থানের কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চলতি মাসেই সুদের হার বাড়াতে পারে।
এদিকে, বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত দাম বেড়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত বুধবার এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকায়। নতুন এই দর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।