সিরাজগঞ্জ সদর উপজেলার দুর্গম চরাঞ্চল কাওয়াখোলা ইউনিয়নে জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উঠান বৈঠক করেছেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
মঙ্গলবার (২৫ আগস্ট) কাওয়াখোলা ইউনিয়নের একটি স্থানীয় বাজার এলাকায় অনুষ্ঠিত এ বৈঠকে পুলিশ সুপার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
বৈঠকে মাদক, চুরি, ডাকাতি, কিশোর গ্যাং, সামাজিক অপরাধ দমন, নারী ও শিশু নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয়রা তাদের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পুলিশ সুপার এসব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পুলিশ সুপার বলেন, জনগণের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন তিনি।
এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সূত্র জানায়, জনগণের আস্থা ও অংশগ্রহণের ভিত্তিতে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।