গাজীপুরের টঙ্গীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আকাশ সরদার (২১) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজহারুল ইসলাম মিঠু (৩০) নামে এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিঠুর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের একটি পরিত্যক্ত ড্রেন থেকে আকাশের গলিত লাশ উদ্ধার করা হয়।
নিহত আকাশ ফরিদপুরের কোতোয়ালি থানার চাঁদপুর গ্রামের মো. করিম সরদারের ছেলে। গ্রেপ্তারকৃত মিঠু নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নাজিরপুর গ্রামের তারা মিয়ার ছেলে। তারা উভয়েই আগে কম্বোডিয়ায় প্রবাসী ছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে আকাশ ও মিঠু কম্বোডিয়ায় যান এবং তিন মাস আগে দেশে ফেরেন। দেশে ফেরার পর আকাশ বেকার হয়ে পড়লে মিঠু তাকে চাকরি দেওয়ার কথা বলে গত ২৭ জুলাই সোনারগাঁওয়ে ডেকে নেন। পরে তাকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে আসা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ঐ দিন সন্ধ্যা ৭টার দিকে আকাশের স্ত্রী জেরিনের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে কল করে সুমন নামে এক ব্যক্তি আকাশকে আটকে রাখার কথা জানান। এরপর থেকে আকাশের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আকাশের বাবা করিম সরদার বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার চাহিদাপত্রের ভিত্তিতে র্যাব-১-এর একটি দল গত ২৩ আগস্ট টঙ্গী পশ্চিম থানার এলাকায় অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আকাশের লাশ উদ্ধার করা হয়। টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ানুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।