ঢাকা স্কুল অব ইকোনমিকসে (DScE) ‘Innovate and Lead with Impact’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ব উদ্যোক্তা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে উদ্ভাবন, নেতৃত্ব ও উদ্যোক্তাবৃত্তির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।
ঢাকা স্কুল অব ইকোনমিকসের Department of Entrepreneurship Economics এবং Entrepreneurial Economists Club-এর সহযোগিতায় দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, উদ্যোক্তা, বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্যোক্তা র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র্যালির উদ্বোধন করেন অধ্যাপক ড. এ. কে. এনামুল হক। র্যালিতে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন, যা DScE ক্যাম্পাস থেকে শুরু হয়ে পরীবাগ পর্যন্ত গিয়ে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে।
বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত প্রধান আনুষ্ঠানিক পর্বে উদ্যোক্তাবৃত্তি, উদ্ভাবন ও নেতৃত্বের ওপর আলোচনা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন এবং তরুণ উদ্যোক্তাদের গুরুত্ব তুলে ধরা হয়।
বিশেষ অতিথিরা উদ্যোক্তা উন্নয়নের জন্য একটি শক্তিশালী সহায়তা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা উদ্যোক্তাদের জন্য মূলধনপ্রাপ্তির সুযোগ সহজ করার প্রয়োজনীয়তা এবং উদ্যোক্তা ইকোসিস্টেমকে শক্তিশালী করার আহ্বান জানান।