বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় তথ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রায় দেড় হাজার আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে বলে বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াত করা হয়।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গতকাল সংসদ ভবনের সভাকক্ষে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন।
১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন।