রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রথমবারের মতো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে ১৮ জন শিক্ষার্থী এ সুযোগ পেয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে ইন্টার্নশিপ উপলক্ষে একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা সিটি করপোরেশনের প্রকৌশল কার্যক্রম ও নগর উন্নয়ন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার জানান, রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের এই সুযোগ রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগেই সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবেন।