যশোরে ফেসবুকে ফাঁদে ফেলে হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য আটক
মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:-
ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেখে এক যুবককে ফাঁদে ফেলে মোটরসাইকেল, ল্যাপটপ ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
যশোরে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন শংকরপুর এলাকার আলোচিত রাজা এবং তার দুই সহযোগী বৃষ্টি ও জারা। শনিবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নড়াইলের কালিয়া উপজেলার এক যুবক ফেসবুকে একটি ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি দেখে রাজা তার সঙ্গে যোগাযোগ করেন এবং ল্যাপটপ বিক্রির জন্য যশোরে আসতে বলেন। পরে ওই যুবক ল্যাপটপ নিয়ে যশোরে এলে তাকে একটি ঘরে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, সেখানে বৃষ্টি ও জারাকে ব্যবহার করে ওই যুবকের সঙ্গে আপত্তিকর ছবি তোলা হয়। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ল্যাপটপ হাতিয়ে নেওয়া হয়। একই সঙ্গে পরিবারের সদস্যদের ফোন করে অর্থ আদায় করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর পরিবারের সদস্যরা যুবককে উদ্ধার করে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন তদন্ত শুরু করেন। তদন্তের একপর্যায়ে শনিবার রাতে যশোর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে প্রথমে রাজাকে আটক করা হয়। পরে একই স্থান থেকে বৃষ্টি ও জারাকেও আটক করে পুলিশ।
কোতোয়ালি থানার এসআই আল আমিন বলেন, “এ ঘটনায় ভুক্তভোগী যুবক থানায় মামলা করবেন। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ জানায়, চক্রটি নারীদের ব্যবহার করে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলত। পরে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে অর্থ, মূল্যবান সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র হাতিয়ে নেওয়া হতো। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর আগেও তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।