রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চেষ্টা চালাচ্ছে ইংলিশ ক্লাব আর্সেনাল। তারা মাদ্রিদে পাঠানোর জন্য নতুন একটি প্রস্তাব চূড়ান্ত করেছে, যা গ্রীষ্মকালীন ট্রান্সফার বাজারকে প্রভাবিত করতে পারে। ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের চুক্তি ২০২৭ সালের গ্রীষ্মে শেষ হবে, তবে তার ভবিষ্যৎ নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আর্সেনাল ভিনিসিয়ুসের জন্য আনুষাঙ্গিক খরচসহ ১৪৫ মিলিয়ন ইউরোর একটি আনুষ্ঠানিক প্রস্তাব প্রস্তুত করেছে।
ক্রীড়া সাংবাদিক ডেভিড ওরনস্টাইনের মতে, ভিনিসিয়ুস প্রিমিয়ার লিগে আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, যা রিয়ালকে তাদের অন্যতম বড় তারকাকে ধরে রাখার প্রশ্নে উদ্বেগে ফেলেছে।
ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, আর্সেনাল ভিনিসিয়ুসের প্রতিনিধি সংস্থা ‘রক নেশন’-এর সঙ্গে প্রাথমিক একটি সমঝোতায় পৌঁছেছে। অন্যদিকে ‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আর্সেনাল ব্রাজিলিয়ান তারকাকে লন্ডনে নিয়ে আসতে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় চুক্তির প্রস্তাব দিতে প্রস্তুত।
রিয়াল মাদ্রিদের সামনে এখন দুটি পথ খোলা— আর্সেনালের প্রস্তাব মেনে নেওয়া অথবা ভিনিসিয়ুসের চাহিদা মেনে চুক্তি নবায়ন করা। অন্যথায়, তারা কয়েক মাস পর গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ফ্রি ট্র্যান্সফারে হারাতে পারে।