সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শিক্ষক বিউটি রানী পালের সাইবার বুলিংয়ের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘একজন মানুষ বাতাসের মধ্যে দাঁড়িয়ে হয়তো গান শুনেছে। এটা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে?’
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকাম পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরবর্তীতে তিনি গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন।
ববি হাজ্জাজ আরও বলেন, ‘আজকে আমি দাঁড়িয়ে আছি, আপনাদের সঙ্গে কথা বলছি, আপনারা যদি বলেন, “অ্যাই কথা বলল ক্যান? আসো, আলোচনা করি সমালোচনা করি।” তাহলে এটা আপনারা করছেন। এটা জনগণ করছে না, অন্য কেউ করছে না। এটা (শিক্ষিকার বিষয়ে) নিয়ে কোনো কথা হবে না।’
২৩ জুলাই বিউটি রানী পাল একটি রিল ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন, যেখানে গান ছিল ‘আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে’। ভিডিওটি পরে একটি ফেসবুক পেজ থেকে নেতিবাচক তথ্য যুক্ত করে ছড়িয়ে দেওয়া হয়, যার ফলে তাকে নিয়ে ট্রল শুরু হয়।
এ ঘটনার পর বিউটি পাল ভিডিওটি সরিয়ে নেন এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দেশের অনেক নারী শিক্ষক একই গানের সঙ্গে নিজেদের ছবি ও ভিডিও ফেসবুকে আপলোড করতে থাকেন। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘আমি ভিডিওটি দেখিনি। তবে আশপাশের যাদের জিজ্ঞেস করলাম, তারা বলেছেন, “একজন শিক্ষিকা গান গেয়ে একটি ভিডিও তুলেছেন। কিন্তু এটিতে কোনো অশ্লীলতা নাই।”’
শিক্ষা খাতে সরকারের অগ্রাধিকার এবং উন্নয়ন পরিকল্পনা নিয়েও প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান। তিনি বলেন, সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং আগামী চার বছরে শিক্ষা খাতে বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।