নরসিংদীতে কনফিডেন্স টেক্সটাইল মিলসের ভয়াবহ পরিবেশ দূষণ
মালিকপক্ষ নীরব, ব্যবস্থা নিতে অপেক্ষায় পরিবেশ অধিদপ্তর
নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদীর কুড়েরপাড়, বাবুরহাট (শেখেরচর) এলাকায় অবস্থিত কনফিডেন্স টেক্সটাইল মিলস্ (প্রা.) লিমিটেড পরিবেশবিধি অমান্য করে লাকড়ি পোড়ানো, বিষাক্ত রং–কেমিক্যাল নদীতে ফেলা ও ইটিপি বন্ধ রাখার মতো গুরুতর অভিযোগে আবারও আলোচনায় এসেছে।
মিলের ভেতরের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান,
“ইটিপি থাকলেও বেশিরভাগ সময় বন্ধ থাকে। বর্জ্য সরাসরি নদীতে ফেলা হয়। লাকড়ি জ্বালানোর কোনো আধুনিক ব্যবস্থা নেই, ফলে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় পুরো এলাকা।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ—
ঘন ধোঁয়া, দুর্গন্ধ ও রাসায়নিক বর্জ্যে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। নদীর পানি কালো হয়ে যাচ্ছে, মাছসহ জলজ প্রাণী মারা যাচ্ছে, আশপাশে শ্বাসকষ্ট ও ত্বকের সমস্যাও বাড়ছে।
মালিকপক্ষের অবস্থান জানতে মিল গেটে যোগাযোগ করা হলেও দারোয়ান গেট তালাবদ্ধ রেখে জানান,
“মালিক ফ্যাক্টরিতে আসেন না।”
ফলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পরিবেশ অধিদপ্তরের অবস্থান
এ বিষয়ে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বদরুল হুদা জানান—
“মন্ত্রণালয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে। চিঠির উত্তর পেলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।”
তিনি আরও বলেন, পরিবেশ আইন অনুযায়ী কোনো শিল্প প্রতিষ্ঠান বর্জ্য পরিশোধন ছাড়া নদীতে ফেলতে পারবে না এবং দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রাখা বাধ্যতামূলক। অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি
এলাকাবাসীর দাবি, পরিবেশ ধ্বংসের এই প্রক্রিয়া বন্ধ করতে জরুরি নজরদারি ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।