র্যাব-১১ এর অভিযানে কুমিল্লার মুরাদনগরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার
📰 নিজস্ব প্রতিবেদক | নাজাত২৪ নিউজ ডেস্ক
কুমিল্লার মুরাদনগরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় আলোচিত মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, অপহরণ ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত র্যাব-১১ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ২৪৩ জন চাঞ্চল্যকর অপরাধী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ১ জন শীর্ষ সন্ত্রাসী, ১৫ জন আরসা সদস্য, ২ জন জঙ্গি, ১৮৭ জন হত্যা মামলার আসামী এবং ৯৫ জন ধর্ষণ মামলার আসামীসহ মোট ৫৬৪ জন অপরাধীকে গ্রেফতার করেছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ১১৩টি অস্ত্র, ১,৩৬০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
এরই ধারাবাহিকতায়, গত ২৩ অক্টোবর ২০২৫ সকালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকায় ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা। স্থানীয় জনৈক বাসারের রান্নাঘরে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। শিশুটির বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করলে ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।
পরবর্তীতে, প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও র্যাব-১০ এর একটি যৌথ দল ৩ নভেম্বর ২০২৫ বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামী সাকিব প্রকাশ বাবু (২০), পিতা—মোঃ রমিজ মিয়া, সাং—ছালিয়াকান্দি, থানা—মুরাদনগর, জেলা—কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাকিব প্রকাশ বাবু শিশু ধর্ষণের ঘটনাটি স্বীকার করেছে। তদন্তে জানা যায়, সে ও ভিকটিম একই বাড়ির বাসিন্দা। ঘটনার দিন সকালে কদবেল দেয়ার প্রলোভন দেখিয়ে সে শিশুটিকে রান্নাঘরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়।
ধৃত আসামীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১১ জানিয়েছে।