মাধবদীতে দস্যুতা সংঘটনকালে পুলিশের রিফ্লেক্টিং ভেস্ট, চাকু ও লুন্ঠিত টাকা উদ্ধারসহ ৩ দস্যু গ্রেফতার।
নরসিংদী প্রতিনিধি।
নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনায় দস্যুতা প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে মাধবদী থানা পুলিশ তিনজন দস্যুকে গ্রেফতার করেছে।
বুধবার (২২ অক্টোবর) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে মাধবদী থানাধীন পাঁচদোনা-টু-ডাঙ্গা সড়কের আমদিয়া টাওয়াদি ব্রিজের উপর দস্যুতার সময় স্থানীয় জনগণের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন —
১। মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৩) ২। আলমগীর হোসেন (৩২) ৩। মোঃ শামীম (৩৬)
অভিযানের সময় তাদের নিকট থেকে লুন্ঠিত নগদ ১,২০০ টাকা, একটি সিএনজি, তিনটি ধারালো চাকু, দুইটি পুলিশের রিফ্লেক্টিং ভেস্ট এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন সময়ে দস্যুতা ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মাধবদী থানা পুলিশের ওসি জানান, “দস্যুতা ও ছিনতাই প্রতিরোধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীরা যত প্রভাবশালীই হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।”