কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় সফল উদ্ধার অভিযান
নাজাত ডেস্ক রিপোর্ট।
গত ৩০ সেপ্টেম্বর রাতে আকস্মিক ঝড়ো হাওয়ার কারণে রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়। খবর পাওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাথে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
দুর্ঘটনায় প্রাথমিকভাবে ০৫ জন নিখোঁজ হন। সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ ও অক্লান্ত প্রচেষ্টায় ওই রাতেই ০২ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরদিন (০১ অক্টোবর ২০২৫) সকালে আরও ০২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে, একই রাতে (৩০ সেপ্টেম্বর) নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরেকটি নৌকা ডুবে যায়। এতে থাকা ০৬ জন যাত্রীর মধ্যে ০৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নামের দু’জন নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করলেও নিখোঁজদের এখনও পাওয়া যায়নি। বর্তমানে সেনাবাহিনীর ডুবুরি দল স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সাথে সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
সেনাবাহিনী সর্বদা নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্ঘটনায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টা কার্যকর উদ্ধার অভিযান নিশ্চিত করেছে।