কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, নজরদারি ক্যামেরা নিয়ে গেল দুর্বৃত্তরা
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুরের পর মন্দিরে থাকা একটি নজরদারি ক্যামেরা (আইপি ক্যামেরা) নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ জানান, প্রতিমার মাটির কাজ শেষ হয়ে সোমবার থেকে রঙের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লোডশেডিং ও বৃষ্টির সুযোগে দুর্বৃত্তরা এসে কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভেঙে দেয়।
মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে এবং আইপি ক্যামেরাটিও নিয়ে গেছে দুর্বৃত্তরা। মন্দির কমিটি এ ঘটনায় কাউকে সন্দেহ করছে না এবং মামলা দিতেও চাইছে না। তবে পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।”
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন, “আমরা ঘটনাস্থলে রয়েছি। পুলিশ সুপারও উপস্থিত আছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
👉 সামনে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছিল। হঠাৎ এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।