নরসিংদীতে কাপড়ের দোকানের কর্মচারী মোজাম্মেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার।
নরসিংদী প্রতিনিধি : আর এ লায়ন সরকার
নরসিংদীর রায়পুরা উপজেলার চর সুবুদ্দি গ্রামের বাসিন্দা ও নরসিংদী শহরের সিএনবি রোডের কাপড়ের দোকানের কর্মচারী মোজাম্মেল মিয়া (২০) হত্যার ঘটনায় দুই আসামি—কাউসার ও রাকিব (২৪)—কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী।
গ্রেফতারকৃত রাকিবের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার রাধাগঞ্জ গ্রামে। তার পিতা কাশেম। বর্তমানে সে নরসিংদী শহরের হাজীপুর নয়াপাড়া এলাকায় বিল্লালের মা মনোয়ারা বেগমের বাড়িতে ভাড়া থাকতো। অপর আসামি কাউসারকেও পিবিআই তথ্য-প্রযুক্তি ব্যবহার করে কুমিল্লা থেকে গ্রেফতার করে।
পিবিআই নরসিংদীর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) জানান, সোমবার দুপুরে শহরের হাজীপুর এলাকায় ধারালো দা দিয়ে মোজাম্মেল মিয়াকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই পিবিআই অভিযান শুরু করে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।
প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মোজাম্মেল মিয়া দীর্ঘদিন ধরে নরসিংদী শহরের সিএনবি রোডের একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।