রায়পুরা আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান পদে পুনর্বহালের দাবি।
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান পদে পুনর্বহালের দাবিতে অভিযোগ তুলেছেন ইউপি সদস্য কবির আহমেদ। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সরিয়ে দিয়ে নীতিমালা বহির্ভূতভাবে অন্য সদস্যকে ওই পদে বসানো হয়েছে।
কবির আহমেদের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপিপন্থী মেম্বারদের মাইনাস করে আওয়ামীপন্থী চেয়ারম্যান ও কয়েকজন মেম্বার গোপনে নতুন করে প্যানেল গঠন করেন। এতে তাকে সরিয়ে দিয়ে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আমীর হোসেনকে অবৈধভাবে প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।
তিনি এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি তার পূর্বের পদে পুনর্বহাল দাবি করেছেন।
কবির আহমেদের দাবি, বিষয়টি শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং স্থানীয় সরকারের নিয়ম-নীতিরও চরম লঙ্ঘন। তিনি দ্রুত এ সমস্যার সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা
করেছেন।