জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের ৫০০টি উপজেলায় গঠন সম্পন্ন হবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সারজিস আলম জানান, ইতোমধ্যে ২৭৬টি উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকার দুই মহানগর ছাড়া দেশের ১১টি মহানগরের ৬১টি থানার মধ্যে ৩৪টি থানায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সারজিস আলম বলেন, ‘আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের ৫০০ উপজেলাতেই এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে।’
এছাড়া, উপজেলা পর্যায়ের পাশাপাশি পৌরসভাগুলোতেও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে দেশের ৩৩০টি পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের অংশ হিসেবে উপজেলা, থানা ও পৌরসভায় ধারাবাহিকভাবে আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে।