বরিশালের বাকেরগঞ্জ উপজেলার এক তরুণীকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে এসেছেন জিয়াং (৩৫) নামের এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দীর্ঘ দেড় বছরের প্রেমের সম্পর্কের পর তিনি এই সিদ্ধান্ত নেন। জিয়াং চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। কনে জান্নাতুল ইসলাম ইভা বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদারের মেয়ে।
পরিবারের সূত্রে জানা যায়, ২০২৪ সালে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে মোবাইল ফোন কিনতে গিয়ে ইভার পরিচয় হয় কয়েকজন চীনা নাগরিকের সঙ্গে। সেই সময় মার্কেটে কফি খাওয়ার একপর্যায়ে ইভার সঙ্গে জিয়াংয়ের পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘ইউ চ্যাট’-এর মাধ্যমে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ৩ আগস্ট জিয়াং বাংলাদেশে আসেন এবং ইভার সঙ্গে সরাসরি দেখা করেন। ঢাকায় পৌঁছানোর পরদিনই তিনি আইনগত প্রক্রিয়া মেনে নোটারি পাবলিকের মাধ্যমে ধর্ম পরিবর্তন করেন এবং রেজিস্ট্রি কাবিনমূলে ইভাকে বিয়ে করেন।
বিয়ের পর কিছুদিন ঢাকায় কাটিয়ে সম্প্রতি জিয়াং স্ত্রীকে নিয়ে বাকেরগঞ্জের গ্রামের বাড়িতে আসেন। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাদের গায়ে হলুদ অনুষ্ঠান এবং শুক্রবার (১১ সেপ্টেম্বর) পারিবারিকভাবে বৌভাতের আয়োজন করা হয়। কনের বাবা জাকির হাওলাদার জানান, তারা জামাই হিসেবে জিয়াংকে সানন্দে গ্রহণ করেছেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, ওই চীনা নাগরিকের বাংলাদেশে অবস্থান এবং বিয়ের বিষয়টি সম্পর্কে থানা পুলিশ আগে থেকে অবগত ছিল না। তিনি বৈধ পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করেছেন কি না এবং স্থানীয় আইন মেনে বিয়ে সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করা হবে।