বর্ষা মৌসুম শেষ হলেও দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিনে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৮৬ জন। বিশেষ করে তরুণদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।
রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের ৪২০ নম্বর ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ডে ভর্তি ২৪ বছর বয়সি মারজান হাওলাদার জানান, তিনি ছয় দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তিনি আশুলিয়ায় একটি গার্মেন্টেসে কাজ করেন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার স্ত্রীও হাসপাতালে তার সেবা করতে এসেছেন।
অন্যদিকে, ২৩ বছর বয়সি মো. জায়েদুল ইসলাম রাজমিস্ত্রির কাজ করেন এবং ৩১ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি জানান, চিকিৎসার জন্য ৮ থেকে ১০ হাজার টাকা ব্যয় হয়েছে। তিনি অভিযোগ করেন, হাসপাতালের পরিবেশ অপরিষ্কার এবং বিছানায় তেলাপোকা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর তরুণদের মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। ২১ থেকে ৪০ বছর বয়সিদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগী নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর উপদেষ্টা ডা. মুশতাক হোসেন। তিনি জানান, মশা নিয়ন্ত্রণে কমিউনিটি পর্যায়ে কাজ করা প্রয়োজন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্তের তথ্য সংগ্রহ করছে। ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭০৫ জন।