রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। শনিবার (১ আগস্ট) সকালে এই খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ ও বিশেষায়িত বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে।
ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর-১০ স্টেশনের নিচে বোমা সদৃশ একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। বর্তমানে ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিরপুর-১০ স্টেশনে বোমা থাকার সন্দেহের পাশাপাশি ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচেও একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখা যায়। এই দুই স্টেশনে রহস্যময় বস্তুর উপস্থিতিতে যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সিটিটিসির বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে এটি আসলে কী। ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।