নরসিংদী সদর হাসপাতালে অসুস্থ নার্সের হাজিরা বাণিজ্যের অভিযোগ, ঘরে বসেই বেতন ৮২ হাজার টাকা!।
নাজাত ডেস্ক রিপোর্ট।
নরসিংদী সদর হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্স দীর্ঘ প্রায় চার বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত দায়িত্ব পালন করতে না পারলেও সপ্তাহে মাত্র একদিন এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রতি মাসে প্রায় ৮২ হাজার টাকা বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, সিনিয়র স্টাফ নার্স রওশন আরা দীর্ঘদিন ধরেই কার্যত কর্মস্থলে অনুপস্থিত থাকলেও প্রভাব খাটিয়ে চাকরিতে বহাল রয়েছেন। হাসপাতাল সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, তিনি নিয়মিত দায়িত্ব পালন না করলেও বেতন-ভাতা উত্তোলন অব্যাহত রয়েছে।
এ বিষয়ে নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. বুলবুল কবীর বলেন, “সিনিয়র স্টাফ নার্স রওশন আরাকে ইতোমধ্যে স্বেচ্ছায় অবসরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
খোঁজ নিয়ে জানা গেছে, রওশন আরার স্বামী কালাম সারোয়ার বুলবুল নরসিংদী জেলা সিভিল সার্জন অফিসে স্টেনো টাইপিস্ট পদে কর্মরত ছিলেন। স্থানীয়ভাবে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে স্বাস্থ্য বিভাগে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহল বলছে, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও কীভাবে একজন কর্মকর্তা নিয়মিত বেতন উত্তোলন করেছেন, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে স্বাস্থ্যখাতে জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন স্থানীয়রা।