অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে জেলা প্রশাসনের অভিযান, জরিমানা ৭৭,৫০০ টাকা
আর এ লায়ন সরকার, নরসিংদী:
জনস্বার্থ সংরক্ষণ, নিরাপদ জ্বালানি ব্যবহার নিশ্চিতকরণ এবং অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধে নরসিংদী জেলার মাধবদী পৌরসভা এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত করে তা বিচ্ছিন্ন করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ হুইস পাইপ উদ্ধার করা হয়, যা সরকারি সম্পদের অপচয় রোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী ৭টি মামলায় মোট ৭৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের আইন সম্পর্কে সচেতন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ সংযোগ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নেপাল কান্তি দেব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ধারাবাহিক এ উদ্যোগের ফলে সুশাসন প্রতিষ্ঠা, সম্পদের সঠিক ব্যবহার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।
#নরসিংদী #মাধবদী #মোবাইলকোর্ট #গ্যাসসংযোগ #অবৈধসংযোগ #জেলা_প্রশাসন #তিতাস_গ্যাস #আইন_শৃঙ্খলা #বাংলাদেশ_গ্যাস_আইন2010