জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেট ও গাজীপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সিলেটের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের কারণে শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময় নগর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ না থাকার কারণে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এলাকা প্রভাবিত হবে। বিউবো জানিয়েছে, কাজের অগ্রগতি অনুযায়ী নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।
অন্যদিকে, গাজীপুরে ১১ কেভি ফিডারগুলো ছোট করার লক্ষ্যে শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিসের বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।