পলাশে জমি সংক্রান্ত বিরোধে আলমগীর সরকারকে হত্যার উদ্দেশ্যে হামলা, হাসপাতালে ভর্তি
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া ইউনিয়নের ছোট তারগাঁও এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি হত্যাচেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তির নাম আলমগীর সরকার (৪২), তিনি ছোট তারগাঁও এলাকার মৃত তমিজ উদ্দিনের জামাতা। এ ঘটনায় আহতের স্ত্রী সাহিদা (৩৮) পলাশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ৯টার দিকে আলমগীর সরকার পারুলিয়া সাধুরবাজারে বাজার করতে গেলে বিবাদী জিহাদ সরকার (৩৫), পিতা মৃত আফসার উদ্দিন সরকার ও জোনায়েদ (২৫), পিতা মতিউর রহমান, উভয়েই ছোট তারগাঁও এলাকার বাসিন্দা—তারা পূর্ব শত্রুতার জেরে আলমগীরের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা হোল্ডি স্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এসে আলমগীরকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ১১টি সেলাই দেন এবং আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রাখেন।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা মাদকাসক্ত ও সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি। তারা পূর্বেও একাধিকবার সাহিদা ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে, যা নিয়ে থানায় এবং আদালতে মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন,
> “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।”