ভোলার মনপুরায় বন্ধুর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদল নেতা মো. তানজিলের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তানজিলকে গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ভুক্তভোগী গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার তানজিল (২৬) চরগোয়ালিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগীর স্বামী ও তানজিল ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার রাতে স্বামী বাড়ির বাইরে থাকায় তানজিল কৌশলে ঘরে ঢুকে গৃহবধূর গলায় ছুরি ধরে চিৎকার করলে হত্যার হুমকি দেন এবং পরে তাকে ধর্ষণ করেন।
রাত সাড়ে ১২টার দিকে স্বামী বাড়িতে ফিরলে ভুক্তভোগী তাকে ঘটনাটি জানান। পরে তিনি প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশকে খবর দেন। পুলিশ অভিযান চালিয়ে তানজিলকে আটক করে। শুক্রবার দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে তানজিলসহ অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা করেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।