রংপুরের তারাগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, শোকে স্তব্ধ পুরো এলাকা
রংপুর জেলা প্রতিনিধি।
ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে দুই কিশোর। রংপুরের তারাগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী এলাকার যমুনেশ্বরী নদীতে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।
শুক্রবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার কিসামত মেনানগর ডাংগীরহাট তেলীপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. অহিদ ইসলাম (১৪) এবং নুর ইসলামের ছেলে মাসুদ (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে কয়েকজন কিশোর ও যুবক মিলে যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে অহিদ ও মাসুদ নদীর গভীর পানিতে নেমে পড়লে তারা স্রোতের তোড়ে তলিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কিশোরই সাঁতার জানত না। পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই তারা ডুবে যেতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকের মাতমে।
স্থানীয় সচেতন মহল নদী ও জলাশয়ে গোসলের সময় শিশু-কিশোরদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।