মাদারীপুর সদর উপজেলায় একটি মসজিদের ইমামের থাকার কক্ষে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া গ্রামের মালেক আকনবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে টিনশেড ঘরটির একাংশের চালা ও বেড়া উড়ে গেছে, তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মসজিদের ইমাম আকাশ হাওলাদার দুই দিন আগে চিকিৎসার জন্য ঢাকায় যান। তাঁর থাকার রুমটি তালাবদ্ধ ছিল এবং রুমটির চাবি মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিন ওলিল আকনসহ তিনজনের কাছে ছিল। আজ সন্ধ্যার দিকে ওই কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন।
সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। স্থানীয় কয়েকজনের দাবি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতি হিসেবে ইমামের কক্ষে বোমাটি রাখা হয়ে থাকতে পারে।
মাদারীপুরে গত ১৭ দিনের মধ্যে তিনটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৬ আগস্ট সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি এলাকায় একটি পরিত্যক্ত ঘরে এবং ১৫ আগস্ট কালকিনি পৌর এলাকার একটি মহিলা মাদরাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, ‘মসজিদের ইমামের ঘরের বারান্দায় বিস্ফোরণ ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমার আলামত সংগ্রহ করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অনেককেই থানায় আনতে পারে।’