বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল বাজারে পৌঁছানোর বিকল্প পথ চালু হওয়ার সম্ভাবনার কারণে এই দরপতন ঘটেছে। এটি টানা তৃতীয় কার্যদিবসে ঘটলো।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ০১ ডলার কমে ১০৩ দশমিক ৭৭ ডলারে নেমে এসেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারসের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ০৩ ডলার কমে ১০০ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে বৃহস্পতিবারের শেষ লেনদেনেও উভয় জ্বালানি সূচক প্রায় ১ শতাংশ করে কমেছিল। তবে, এই দরপতনের পরও তেলের দাম এখনও ১০০ ডলারের ওপরে রয়েছে।
সৌদি আরব এবং ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি বিমান হামলা এবং সংঘাত বৃদ্ধি পাওয়া সত্ত্বেও বাজারের ব্যবসায়ীরা নতুন সরবরাহ ঝুঁকিকে খুব একটা গুরুত্ব দেননি।