ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশীয় পণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই ক্ষোভ প্রকাশ করেন। বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, তিনি দেশে সহজলভ্য পণ্য আমদানি না করার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
একনেক সভার সম্মানী নিয়েও প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি দিনে কতটা মিটিং করি আপনারা জানেন? আমি কিন্তু কোনো সম্মানী নিই না। তাহলে আপনাদের কেন সম্মানী নিতে হবে?’
প্রধানমন্ত্রী কাজের অংশ হিসেবেই এসব সভায় অংশ নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, ‘এটা আপনাদের দায়িত্ব।’
তিনি প্রকল্পের মালামাল প্রি-শিপমেন্টের নামে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন এবং এ ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ করার নির্দেশ দেন বলে ওই কর্মকর্তা জানান।