শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে ফেরার পথে তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কানারবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার দক্ষিণ আটং এলাকার সিয়াম হোসেন বেপারী (২০), আমির হোসেন সরদারের ছেলে অন্তর সরদার (২১) এবং ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকার নাসির বেপারীর ছেলে সিয়াম বেপারী (১৯)। তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

রোববার বিকেলে কানারবাজার-বুড়িরহাট সড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ বিষয়টি নজরে নেয়। পরে পালং মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে।

গ্রেপ্তারের পর তাদের মোবাইল ফোন যাচাই করে মিছিলে অংশ নেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।