মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
নরসিংদী জেলা , প্রতিনিধি।
নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক সংরক্ষণ ও বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর (ঋষিপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রসুলপুর (ঋষিপাড়া) এলাকার নিখিল চন্দ্র মনিদাস (৯০) ও তাঁর স্ত্রী লিপি চন্দ্র মনিদাস (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিখিল চন্দ্র মনিদাসের বসতবাড়িতে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাইমদ মজুত থাকার তথ্য পায় পুলিশ। পরে মনোহরদী থানার এসআই মোহাম্মদ শহীদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে টিনশেড ঘর থেকে পালানোর চেষ্টা করলে ওই দম্পতিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় চারটি ছোট প্লাস্টিকের ড্রাম থেকে ১১০ লিটার এবং একটি বড় ড্রাম থেকে ১৯০ লিটারসহ মোট ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক কারবারি ও মাদক মজুতকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, মনোহরদীকে মাদকমুক্ত রাখতে অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকের সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় মনোহরদী থানার এসআই মোহাম্মদ শহীদুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।