ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে সন্ধ্যা নামলেই ২০০ মিটার দীর্ঘ একটি রাস্তায় কথিত ‘ইয়াবার বাজার’ বসে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর মাদকসেবী ও বিক্রেতাদের আনাগোনা বাড়ে।

নির্জন হওয়ায় মাদক কারবারিরা রাস্তাটিকে নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। কৃষ্ণপুর হাট থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত এই রাস্তাটি সদরপুর-নগরকান্দা উপজেলা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

স্থানীয়রা জানান, দিনের বেলায় রাস্তাটি দিয়ে স্বাভাবিকভাবে মানুষ চলাচল করলেও সন্ধ্যা নামার পর পরিস্থিতি বদলে যায়। রাস্তাটির দুই পাশে কোনো জনবসতি না থাকায় সন্ধ্যার পর এটি নির্জন হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা সিদ্দিক বরকন্তাজ বলেন, ‘সন্ধ্যার পর এখানে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যায়। মাদক কেনাবেচার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।’ অন্য এক বাসিন্দা সোহরাব শেখ জানান, ‘মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। নিয়মিত অভিযান চালানো হলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব।’

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, ‘মাদক বিক্রি বা সেবনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হবে।’