মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা আলোচনা করলেও মুসলিম আলেম ও সমাজগুলো এ বিষয়ে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনোয়ার বলেন, মুসলিম সমাজ যদি এআইসহ উদীয়মান প্রযুক্তিতে পিছিয়ে পড়ে, তবে বাইরের প্রভাবের কাছে দুর্বল হয়ে পড়তে পারে। তিনি সতর্ক করে বলেন, ‘জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা না বুঝলে আমরা উপনিবেশিত হয়ে পড়ব।’

কেরালার করণথুরে মার্কাজু সাকাফাথি সুন্নিয়ার একটি অনুষ্ঠানে শেখ আবুবকর ফাউন্ডেশন প্রবর্তিত প্রথম “এক্সিলেন্স অ্যাওয়ার্ড” গ্রহণের পর তিনি এসব কথা বলেন। আনোয়ার উল্লেখ করেন, ধর্মীয় আলেমদের আধুনিক প্রযুক্তি, নতুন বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জগুলো বুঝতে হবে।

তিনি বলেন, প্রযুক্তিগত অগ্রগতির কারণে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর দিতে হবে। আনোয়ার আরও বলেন, মুসলিম সমাজের প্রযুক্তিগত উন্নয়ন অবশ্যই জ্ঞান, দক্ষতা, ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করবে।

তিনি এআই সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন ও সম্পৃক্ততার আহ্বান জানান এবং প্রযুক্তিগত অগ্রগতি যেন জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তির ওপর দাঁড়ায়, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। ভারতের গ্র্যান্ড মুফতি কানথাপুরম এপি আবুবকর মুসলিয়া আনোয়ারের হাতে পুরস্কারটি তুলে দেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস নেতাদের সম্মেলনে অংশ নেওয়ার পর কেরালায় যান।