ইরান, ইরাক ও উপসাগরীয় আরব দেশগুলোর অংশগ্রহণে ওমানে হরমুজ প্রণালি নিয়ে নির্ধারিত আঞ্চলিক বৈঠক স্থগিত করা হয়েছে। সোমবার সালালাহ শহরে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এ তথ্য জানিয়েছেন।

বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঐকমত্যে পৌঁছানোর প্রয়োজনের কারণে। আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সহযোগিতা নিশ্চিত করে এমন সংলাপের প্রতি ওমানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, গঠনমূলক আলোচনা ও টেকসই সমঝোতার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতেই বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ পরে নির্ধারণ করা হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগরবিষয়ক মহাপরিচালক মোহাম্মদ আলিবেক জানান, কয়েকটি আঞ্চলিক দেশের অনুরোধের পর বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ইরান ও ওমান যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে আয়োজক ওমান ছাড়াও ইরান, ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের অংশ নেওয়ার কথা ছিল। তবে ইরানের হামলার অভিযোগ তুলে শনিবার বাহরাইন বৈঠক বর্জনের ঘোষণা দেয়।